খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৯ই জানুয়ারি ২০১৫, ৪:২০ পিএম
পাবনার ঐতিহ্য আর আতিথেয়তার কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে ইছামতী নদীর পাড়, এডওয়ার্ড কলেজের সবুজ চত্বর আর জিভে জল আনা সব খাবারের পসরা। রাজশাহী বিভাগের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ এই জেলাটির খাদ্যতালিকা যে কতটা বৈচিত্র্যময়, তা পাবনার অলিগলিতে না ঘুরলে বোঝা সম্ভব নয়। এখানকার মিষ্টান্ন থেকে শুরু করে বিকেলের স্ট্রিট ফুড—প্রতিটি পদেই জড়িয়ে আছে শহরের মানুষের আড্ডা আর ভালোবাসা।
ঐতিহ্যবাহী মিষ্টান্ন ও দই (পাবনার গর্ব) পাবনার মিষ্টির সুনাম দেশজোড়া। এখানকার ছানার তৈরি মিষ্টি আর ঘি-এর স্বাদ একবার যে পেয়েছে, সে সহজে ভুলতে পারে না।
প্যারাডাইস সুইটস: সকালের গরম লুচি-সবজি আর সব সময়ের জন্য সেরা দুধ-চা তো আছেই; সাথে এখানকার রাজভোগ, লালমোহন, মায়াভোগ, রসমালাই, ছানার সন্দেশ এবং চানাচুর-বুন্দিয়া মিক্স পাবনাবাসীর নিত্যদিনের আবেগ।
বনলতা সুইটস অ্যান্ড কফি শপ: বনলতার ইরানীভোগ, গাজরের হালুয়া, দই, রসগোল্লা এবং শীতের পাটিসাপটা দারুণ জনপ্রিয়। পাশাপাশি তাদের কফি শপের ফালুদা, ক্যাশিউ-নাট সালাদ এবং নাচোস তরুণদের আড্ডার প্রধান আকর্ষণ।
শ্যামল মিষ্টান্ন ভাণ্ডার: এখানকার সিঙ্গারা, দই, ল্যাংচা, মালাইসর এবং খাঁটি গাওয়া ঘি-এর কোনো তুলনা হয় না।
লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার: লক্ষ্মীর চমচম আর ছানার সন্দেশ স্বাদে ও মানে অনন্য।
চাটমোহরের অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার: পাবনার মূল শহরের বাইরে চাটমোহর উপজেলার এই ঐতিহ্যবাহী দোকানের রসমালাইয়ের খ্যাতি পুরো জেলাজুড়ে।
দইবাজার মোড়ের তৃপ্তি দইঘর: খাঁটি ও সুস্বাদু দইয়ের জন্য এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি নাম।
খাবার বাড়ি: এখানকার স্পেশাল হালুয়া এবং কেক বেশ সুস্বাদু।
পাবনার ঐতিহ্যবাহী ঘি: নির্দিষ্ট কোনো একটি দোকান নয়, বরং পাবনার ভাঙ্গুড়া ও ফরিদপুর অঞ্চলের খাঁটি গাওয়া ঘি পুরো বাংলাদেশের সেরা ঘি হিসেবে স্বীকৃত।

বিরিয়ানি হাউজ: এখানকার চিকেন ও কাচ্চি বিরিয়ানি এবং মুড়িঘণ্ট দুপুরের খাবারে দারুণ জমে। আর সন্ধ্যার নাস্তায় এদের মোগলাই পরোটা ও হালিম বেশ জনপ্রিয়।
স্বাগতম: ফ্রাইড চিকেন, চাউমিন, চিকেন বিরিয়ানি এবং ঘরোয়া স্বাদের বাংলা আইটেমের জন্য এটি বেশ পরিচিত।
শাপলা হোটেল ও পিসিসিএস (PCCS): দুপুর ও রাতের তৃপ্তিদায়ক বাংলা খাবারের জন্য এই জায়গা দুটি বেশ প্রসিদ্ধ।
মক্কা হোটেল: হরেক রকমের মুখরোচক বাংলা ভর্তা আইটেমের জন্য ভোজনরসিকদের কাছে এটি দারুণ প্রিয়।
রাজ হোটেল: সকালের নাস্তায় গরম পরোটা ও কলিজা ভুনা এবং রাতের বেলায় এখানকার শিক কাবাব বেশ জমজমাট।
পাবনা বাসস্ট্যান্ডের সেতু হোটেল: এখানকার গরুর কালাভুনা মাংসের স্বাদ মুখে লেগে থাকার মতো।
মধুমিতা ও স্ন্যাকস আওয়ার: ধোঁয়া ওঠা সুস্বাদু ভুনা খিচুড়ির জন্য এই দুটি জায়গা বেশ নামকরা।
কাশ্মীরি: চিকেন গ্রিল আর স্পেশাল নানের কম্বিনেশনের জন্য এটি দারুণ একটি জায়গা।
মাসালা জোন: এখানকার চিকেন চাপ আর পরোটা সন্ধ্যাবেলার খাবারে দারুণ তৃপ্তি দেয়।
মিডনাইট: চাইনিজ আইটেম প্রেমীদের জন্য এটি বেশ পছন্দের একটি ঠিকানা।
রত্নদ্বীপ রিসোর্ট: শহরের কোলাহল থেকে একটু দূরে প্রাকৃতিক পরিবেশে এখানকার রূপচাঁদা ফ্রাই বেশ উপভোগ্য।
হাজীর হাটের বিশেষ আয়োজন: সপ্তাহের হাটবারে (মঙ্গলবার ও শুক্রবার) হাজীর হাটে রাশেদুল ভাইয়ের দোকানের গরুর মাংস আর গরুর পায়া ভোজনরসিকদের কাছে এক বিশেষ আকর্ষণ।

সিঙ্গারা, পুরি ও ভাজাপোড়া: জলযোগের কলিজা সিঙ্গারা ও চপ, সোনাপট্টি মন্দিরের পেছনে বেঙ্গল হোমিও হলের সামনের সিঙ্গারা, অনন্ত বাজারের মোড়ের সিঙ্গারা-পুরী এবং বকশীপুরের নলদার কুদ্দুসের পিয়াজী বিকেলের আড্ডাকে জমিয়ে তোলে।
কালাই রুটি ও হাঁসের মাংস: গোস্বামী কমপ্লেক্সের নিচতলায় (সেন্ট্রাল গার্লসের সামনে), ফুটপাতে কিংবা রায়বাহাদুর গেটের সামনে গরম গরম কালাই রুটি আর ঝাল ঝাল হাঁসের মাংসের স্বাদ নেওয়া পাবনার এক অবিচ্ছেদ্য অংশ।
ফুচকা, চটপটি ও ঝালমুড়ি: এডওয়ার্ড কলেজের মূল গেটের সামনের ঝালমুড়ি এবং ভেতরে ঢোকার পরের ফুচকা প্রতিটি শিক্ষার্থীর নস্টালজিয়া। এছাড়া রবিউল মার্কেটের সামনের ঝালমুড়ি, টাউন গার্লসের সামনের ফুচকা-চটপটি, দীনা পার্লারের সামনের ভেলপুরী এবং ইমাম গাজ্জালী স্কুলের পূর্বে অনন্ত বাজারের মোড়ের ‘ভাঙচুর’ দারুণ মুখরোচক।
শীতকালীন পিঠাপুলি: শীতকালে পৈলানপুর মোড়ের ভাপাপিঠা, চিতই পিঠা এবং রসুনের ও ধনিয়ার বড়া জিভে জল এনে দেয়।
কফি ও পেস্ট্রি: আধুনিক আড্ডার জন্য রূপকথা কাব্যের কফি, পেস্ট্রি, কেক ও চিজ কেক এবং ক্যাফে পাবনার কোল্ড কফি বেশ জনপ্রিয়।
মালাই রুটি ও চা-এর আড্ডা: পাবনায় চা-প্রেমীদের জন্য রয়েছে অসংখ্য ঠিকানা। অনন্ত মোড়ের মালাই রুটি ও চা, জয়কালী বাড়ির উল্টো পাশের দোকানের স্পেশাল চা ও মালাই রুটি, রথঘরের দুধ চা, গাছপাড়া মোড়ে আলামিনের মালাই চা, আইন কলেজের সামনে মানিক ভাইয়ের চা, পাবনা মেন্টাল হসপিটালের পাশে মাসুদ মামার ‘ডাবল হিটের চা’ এবং কুলুনিয়ার চা—প্রতিটি কাপেই যেন আড্ডার উষ্ণতা।
মশলা পান: খাওয়া-দাওয়া শেষে সাধুপাড়া স্কুলের সামনের মশলা পান না খেলে যেন ভোজনপর্বটাই অসম্পূর্ণ থেকে যায়।
মন্তব্য