খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ৫:৩৭ পিএম
পাবনা সাঁথিয়ায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত আটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের মহিষকোলা এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহত মো. মামুন হোসেন (৩২) বগুড়ার শেরপুর উপজেলার পুকুরা পাড়া এলাকার মৃত বাদশার ছেলে ও পাবনার আমিনপুর থানার চর কান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রীর স্ত্রী ননিতা রাণী (৪৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, সকালে সিএনজিটিচালিত অটোরিকশাটি পাবনার কাশীনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। পথে মহিষকোলা এলাকায় পৌঁছলে ইট বোঝাইকৃত একটি ট্রলি অটোরিকশার পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং দুইজন আহত হন।
আহতদের উদ্ধার করে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রলিসহ চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য